বৃহস্পতিবার , ০২ এপ্রিল ২০২৬
Thursday , 02 April 2026
১৪ শাওয়াল ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:০৮, ১৫ জুলাই ২০২৫

আপডেট: ১৩:০৮, ১৫ জুলাই ২০২৫

এবার উপদেষ্টা আসিফের মুখে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান

এবার উপদেষ্টা আসিফের মুখে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ আবারও মুখর হলো স্লোগানে—‘তুমি কে, আমি কে – রাজাকার রাজাকার’। সোমবার (১৪ জুলাই) এই স্লোগানে কণ্ঠ মিলিয়েছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ‘জুলাই কন্যা দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মঞ্চে উঠে স্লোগান দেন—‘কে বলেছে, কে বলেছে – স্বৈরাচার স্বৈরাচার’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ এবং ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কী তোর বাপ-দাদার?’

এই দিনটির পেছনে রয়েছে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট। ২০২৪ সালের ১৪ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের ‘রাজাকার’ বলে আখ্যায়িত করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ওই বক্তব্যের বিরুদ্ধে রাতেই ঢাবির শিক্ষার্থীরা রাজপথে নেমে প্রতিবাদে মুখর হয়ে ওঠে। সেখান থেকেই জন্ম নেয় স্লোগান—‘তুমি কে, আমি কে – রাজাকার রাজাকার’, যা পরবর্তীতে একটি প্রতীকী প্রতিবাদে রূপ নেয়।

‘জুলাই কন্যা দিবস’-এর অংশ হিসেবে এবারও হাজারো শিক্ষার্থী অংশ নেয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যায় ২ হাজার ড্রোনের এক বিশাল প্রদর্শনী দিয়ে। রঙিন আলোর ঝলকানিতে আকাশজুড়ে ফুটে ওঠে শেখ হাসিনা সরকারের সময়ে সংঘটিত নানা ঘটনা—গুম, খুন, ধর্ষণ, লুটপাট, শাপলা হত্যাকাণ্ড, আবরার হত্যাকাণ্ডসহ আরও অনেক চিত্র।

ড্রোন শোতে প্রদর্শিত হয় বিডিয়ার বিদ্রোহ, নিখোঁজ ইলিয়াস আলী, আরমান, মাইকেল, সুমনের প্রতিকৃতি। উজ্জ্বল গ্রাফিক্সে লেখা ভেসে ওঠে—‘তুমি কে, আমি কে – জন্মভূমি অথবা মৃত্যু’, ‘শোনো মহাজন, আমরা অনেকজন’, ‘লাইলাতুল ইলেকশন’, ‘তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?’

দশ মিনিটব্যাপী চলা এই ব্যতিক্রমধর্মী প্রদর্শনী শেষ হয় ড্রোনগুলোর ধীরে ধীরে মিলিয়ে যাওয়ার মধ্য দিয়ে। এদিন শিক্ষার্থীদের প্রতিবাদে যোগ দিয়ে উপদেষ্টা আসিফ যেন জানিয়ে দিলেন—এই প্রজন্ম অন্যায় আর মেনে নেবে না।

সর্বশেষ

জনপ্রিয়