বৃহস্পতিবার , ০২ এপ্রিল ২০২৬
Thursday , 02 April 2026
১৩ শাওয়াল ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৬, ১১ সেপ্টেম্বর ২০২৫

নেপাল থেকে ফিরছে বাংলাদেশ ফুটবল দল

নেপাল থেকে ফিরছে বাংলাদেশ ফুটবল দল
ছবি: সংগৃহীত

কয়েকদিন আটকে থাকার পর অবশেষে নেপাল থেকে দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে জামাল ভূঁইয়া-রাকিব হাসানরা। বেলা সাড়ে ১১টার পর একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে রওনা দেবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সরকার পতনের ঘটনায় দেশটিতে কয়েকদিনের জন্য স্থগিত ছিল বিমান চলাচল। গত ৯ সেপ্টেম্বর দুপুর থেকে ১১ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত ত্রিভুবন বিমানবন্দর বন্ধ থাকায় বাংলাদেশ দল কাঠমান্ডুতে আটকে পড়ে। ফলে নির্ধারিত সময়েই দেশে ফেরা সম্ভব হয়নি।

তবে ফ্লাইট চলাচল পুনরায় চালু হওয়ার পরই দ্রুত পদক্ষেপ নেয় বাফুফে। নেপালে বাংলাদেশ দূতাবাস ও সরকারের সমন্বিত প্রচেষ্টায় আজই (বৃহস্পতিবার) বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।

শুধু ফুটবলাররাই নয়, বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও একই ফ্লাইটে ফিরছেন।

এর আগে, বাংলাদেশ দল দুই ম্যাচের একটি ফুটবল সিরিজ খেলতে নেপাল গিয়েছিল। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় ৫ সেপ্টেম্বর। তবে দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল ৯ সেপ্টেম্বর। কিন্তু ঠিক তার আগেই দেশটিতে ছাত্র-জনতার গণআন্দোলন শুরু হয়, যার প্রেক্ষিতে ৯ সেপ্টেম্বর থেকে স্থগিত হয়ে যায় সব ধরনের ফ্লাইট। ফলে ম্যাচটি বাতিল হয় এবং ওইদিনই দেশে ফেরার পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়ন হয়নি।

এই দুই দিন পুরো দল হোটেলেই অবস্থান করতে বাধ্য হয়। অবশেষে সব জটিলতা কাটিয়ে আজ দেশে ফিরছে দলটি। 

সর্বশেষ

জনপ্রিয়