আফগানদের বিপক্ষে সিরিজ বাঁচাতে মরিয়া টাইগাররা!
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের উত্থানটা হয়েছে ওয়ানডে ফরম্যাটেই। একসময় এই ফরম্যাটে বিশ্বের বড় দলগুলোর কাঁপন ধরিয়ে দিয়েছিল টাইগাররা। কিন্তু সময় বদলেছে, পাল্টেছে বাস্তবতা। এখন প্রিয় সেই ওয়ানডেই বাংলাদেশের সবচেয়ে দুর্বল জায়গা হয়ে দাঁড়িয়েছে। আফগানিস্তানের মতো তুলনামূলক নবীন দলের বিপক্ষে টানা তৃতীয় সিরিজ হারার শঙ্কায় আজ মাঠে নামছে বাংলাদেশ।
আবুধাবিতে আজ (শুক্রবার) দিবা-রাত্রির দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। তিন ম্যাচের সিরিজে প্রথমটি ৫ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আফগানিস্তান। আজকের ম্যাচে হার মানেই ওয়ানডেতে আফগানদের বিপক্ষে টানা তৃতীয় সিরিজ হার, যা বাংলাদেশের জন্য বড় ধাক্কা হতেই পারে।
গত কয়েক বছরে ওয়ানডেতে ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ বাংলাদেশ। আফগানদের বিপক্ষে ২০২৩ ও ২০২৪ সালের সিরিজ হেরেছিল তারা। অথচ তার আগের দুটি সিরিজে জয় এসেছিল টাইগারদের ঘরে। এবছর ওয়ানডেতে ছয় ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ, আর গত ১২ মাসে জয় এসেছে মোটে দুইটি ম্যাচে। এমন পরিসংখ্যানই বলে দিচ্ছে, কতটা সংকটে আছে বাংলাদেশের ওয়ানডে দল।
এরই ধারাবাহিকতায় র্যাংকিংয়েও পড়েছে বড় ধস, দশ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আগামী দুই বছরের মধ্যে র্যাংকিংয়ের শীর্ষ আটে থাকা বাধ্যতামূলক। তাই প্রতিটি ম্যাচ এখন একেকটি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ। র্যাংকিংয়ে সাতে থাকা আফগানদের আজ হারাতে পারলে শুধু সিরিজই টিকে থাকবে না, রেটিং পয়েন্টেও উন্নতি হবে। তাতে করে সিরিজের শেষ ম্যাচটি হয়ে উঠবে অলিখিত ফাইনাল।
প্রথম ম্যাচে ভালো শুরু করেও ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ঝড় তোলা সাইফ হাসান ওয়ানডে অভিষেকে ম্লান ছিলেন। মিরাজ ও হৃদয় ফিফটি করলেও রানের গতি ছিল ধীর। আফগান স্পিনে ঘুরপাক খেয়ে ১৬৮টি ডট বল খেলেন ব্যাটাররা। নাজমুল হোসেন শান্ত আবারও ব্যর্থ, ছন্দহীনতার ছাপ স্পষ্ট।
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে রশিদ খান, আজমত উল্লাহ ওমর জাই মিলে ম্যাচটিই ঘুরিয়ে দেন আফগানদের দিকে। রশিদ এলবিডব্লুর ফাঁদে ফেলেন মিরাজ, জাকের ও সোহানকে। অন্যদিকে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেন আজমত উল্লাহ ও ওমর জাই যাঁদের সামলাতে না পারার খেসারত দিতে হয় টাইগারদের।
আজকের ম্যাচে তাই এই দুইজনকে থামানোই হবে বাংলাদেশের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। একই সঙ্গে ব্যাটিং লাইনআপে চাই আরও দৃঢ়তা ও পরিকল্পনার ছাপ। পাশাপাশি বোলারদেরও নিতে হবে দায়িত্ব, প্রতিপক্ষকে চাপে ফেলতে না পারলে সিরিজ হাতছাড়া হওয়া শুধু সময়ের ব্যাপার।
দ্বিতীয় ওয়ানডেটি তাই শুধুই একটি ম্যাচ নয়, এটি আত্মমর্যাদা, র্যাংকিং এবং ভবিষ্যতের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে একটি বড় লড়াই। মাঠে আজ ঘুরে দাঁড়াতে না পারলে টাইগারদের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা আরও ঘনীভূত হবে। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।





































