খাগড়াছড়ির নির্মাণাধীন দোকানঘর থেকে গ্রেনেড উদ্ধার
খাগড়াছড়ি শহরের মধুপুর এলাকায় একটি নির্মাণাধীন দোকানঘর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, সকাল ১০টার দিকে এক স্থানীয় ব্যক্তি দোকানঘরের ভেতরে সন্দেহজনক একটি বস্তু দেখতে পান। প্রথমে তিনি সেটি কী, বুঝতে না পারলেও কাছাকাছি গিয়ে দেখতে পান বস্তুটি দেখতে অনেকটা গ্রেনেডের মতো। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি খাগড়াছড়ি সদর থানায় জানান।
খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পুলিশের ব্যবহৃত কাঁদানে গ্যাসের গ্রেনেড হতে পারে। তবে এ ধরনের গ্রেনেড খাগড়াছড়ি জেলার পুলিশ ব্যবহার করে না।
তিনি আরও জানান, গ্রেনেডটি বর্তমানে থানায় নিরাপদ স্থানে সংরক্ষণে রয়েছে এবং এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কে বা কারা এটি সেখানে রেখেছিল, সেটি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
ঘটনার পর মধুপুর এলাকার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। অনেকে ধারণা করছেন, এটি পুরনো বা ফেলে যাওয়া কোনো নিরাপত্তা সরঞ্জাম হতে পারে, আবার কেউ কেউ সম্ভাব্য নাশকতা পরিকল্পনার দিকেও ইঙ্গিত করছেন।
এ ঘটনায় এখনো কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ করা হয়নি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা হওয়ায় এখানে বিভিন্ন সময় রাজনৈতিক ও নিরাপত্তা-সংক্রান্ত ঘটনাপ্রবাহ ঘটে থাকে। অতীতে কিছু বিচ্ছিন্ন সহিংসতার রেকর্ড থাকলেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতি অপেক্ষাকৃত শান্ত রয়েছে। এই ধরনের সংবেদনশীল উদ্ধার অভিযান সেই স্থিতিশীলতাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা।





































