মঙ্গলবার , ০২ জুন ২০২৬
Tuesday , 02 June 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৪:১৭, ৬ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক বাজারে বড় পরিবর্তন দেখা গেছে। দীর্ঘদিন শীর্ষ অবস্থানে থাকা চীন এবার পিছিয়ে পড়েছে। আর এই সুযোগে চীনকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের প্রভাবেই চীনের অবস্থান দুর্বল হয়েছে। ফলে দেশটি শীর্ষস্থান হারিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে। অন্যদিকে, ভিয়েতনাম উঠে এসেছে তালিকার শীর্ষে। তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া ও ভারত।

রোববার (৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) এ সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করে।

অটেক্সার পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। তবে আগের বছরের একই সময়ের তুলনায় এ রপ্তানি ৮ দশমিক ৫৩ শতাংশ কমেছে।

একই সময়ে ২ দশমিক ৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে শীর্ষস্থান দখল করেছে ভিয়েতনাম, যা গত বছরের তুলনায় ২ দশমিক ৮৮ শতাংশ বেশি।

অন্যদিকে, সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে চীন। বছরের প্রথম দুই মাসে তাদের রপ্তানি কমেছে ৫৭ দশমিক ৬৫ শতাংশ। এই সময়ে দেশটি যুক্তরাষ্ট্রে মাত্র ১ দশমিক ১৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করতে সক্ষম হয়েছে।

এদিকে, সামগ্রিকভাবে বিশ্ববাজার থেকেই যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে। আলোচ্য সময়ে দেশটি মোট ১১ দশমিক ৫৩ বিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৪৭ শতাংশ কম।

সর্বশেষ

জনপ্রিয়