শুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
Friday , 10 April 2026
২১ শাওয়াল ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৫:৫৬, ৯ এপ্রিল ২০২৬

ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড
ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার ১৮তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। রাজধানীর আদাবর থানায় দায়ের করা অস্ত্র মামলায় তাকে এ দণ্ড দেওয়া হয়।

আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়, যিনি নিজের নাম ফয়সাল বলে পরিচয় দেন। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

অস্ত্রের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৮ নভেম্বর র‌্যাব-২ এর পক্ষ থেকে আদাবর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

তদন্তে উঠে আসে, ফয়সাল এলাকায় চিহ্নিত অস্ত্রধারী ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে তিনি চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সহিংস কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

মামলার তদন্ত শেষে চলতি বছরের ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারকালে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান বিন হাদি। পরে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ফয়সালসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তবে এ নিয়ে আপত্তি জানিয়ে পুনঃতদন্তের আবেদন করা হলে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন।

সর্বশেষ

জনপ্রিয়