মঙ্গলবার , ০৭ এপ্রিল ২০২৬
Tuesday , 07 April 2026
১৯ শাওয়াল ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৭:১৬, ৭ এপ্রিল ২০২৬

শিরীন শারমিন চৌধুরী কারাগারে, রিমান্ড ও জামিন নামঞ্জুর

শিরীন শারমিন চৌধুরী কারাগারে, রিমান্ড ও জামিন নামঞ্জুর
ছবি সংগৃহীত

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও ভাঙচুরের এক মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোহসীন উদ্দীন দুই দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার পলাতক আসামিদের অবস্থান শনাক্ত, গ্রেপ্তার এবং প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের জন্য রিমান্ড প্রয়োজন। তবে শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে আটক করা হয়। পরে তাকে লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

দুপুর ১টা ৫৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। এ সময় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এর আগে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় লালবাগের আজিমপুর এলাকায় এক মিছিলে গুলিবর্ষণের ঘটনায় এ মামলা দায়ের করা হয়। আহত হন আন্দোলনকারী আশরাফুল ফাহিম, যিনি ২০২৫ সালের ১৭ জুলাই মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং কয়েকজন শীর্ষ নেতার পরিকল্পনায় আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করা হয়। ওই মামলায় শিরীন শারমিন চৌধুরী তিন নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: