বগুড়া-৬ আসনের উপনির্বাচন কাল: কেন্দ্রে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম, প্রস্তুতি সম্পন্ন
রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোটগ্রহণকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
বুধবার বগুড়া সেন্ট্রাল স্কুল মাঠ থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, কালি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সেগুলো গ্রহণ করে কেন্দ্রে পৌঁছে দেওয়ার কাজ করছেন।
এই আসনটি শূন্য হওয়ার পর উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। তারা হলেন—বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহিদ ইবনে আবুল ফজল জানান, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এই নির্বাচনে ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণের জন্য প্রস্তুত রাখা হয়েছে ১৫০টি কেন্দ্র। এছাড়া একটি কেন্দ্রে ডাকযোগে ভোট (পোস্টাল ব্যালট) গ্রহণ করা হবে, যেখানে নিবন্ধন করেছেন ৩ হাজার ৭৩৬ জন ভোটার।
নির্বাচনকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। পাশাপাশি মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও।
নির্বাচন কমিশন আশা করছে, উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।




































