বৃহস্পতিবার , ০৫ ফেব্রুয়ারি ২০২৬
Thursday , 05 February 2026
১৬ শা'বান ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৯:৫৫, ১২ অক্টোবর ২০২৫

সুন্দরবনের হাড়বাড়িয়ায় পর্যটনকেন্দ্রের ফুট ট্রেইলে বাঘের হাটা!

সুন্দরবনের হাড়বাড়িয়ায় পর্যটনকেন্দ্রের ফুট ট্রেইলে বাঘের হাটা!

সুন্দরবনের অন্যতম পর্যটনকেন্দ্র হাড়বাড়িয়াতে কাঠের তৈরি পায়ে হাঁটার পথ, অর্থাৎ ফুট ট্রেইল-এ হঠাৎ করেই দেখা মিলল বনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগারের! শনিবার সকালে নিয়মিত টহলের সময় এ দৃশ্য দেখতে পান বনপ্রহরীরা।

প্রত্যক্ষদর্শী বনপ্রহরীরা জানান, সকালবেলা টহলে বের হয়ে তারা হঠাৎই বাঘটিকে ট্রেইলের ওপর দিয়ে হেঁটে যেতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা হাঁকডাক শুরু করলে বাঘটি ধীর গতিতে ট্রেইল ছেড়ে বনের গভীরে চলে যায়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, এটি অবশ্যই একটি ব্যতিক্রমী ঘটনা। বাঘের চলাচল আগে থেকেই হাড়বাড়িয়ায় ছিল, তবে পর্যটন এলাকার ফুট ট্রেইলে এভাবে বাঘ দেখা এই প্রথম। এটি প্রমাণ করে যে সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে এবং তারা অবাধে বিচরণ করছে।

তিনি আরও জানান, সাধারণত হাড়বাড়িয়ার দিঘির পাড় বা বনের গভীরে বাঘের গতিবিধি লক্ষ্য করা গেলেও এবার যে জায়গাটিতে পর্যটকরা নিয়মিত চলাচল করেন, সেখানে বাঘ উঠে আসায় সতর্কতা জারি করা হয়েছে।

বন বিভাগের পক্ষ থেকে ইতোমধ্যেই হাড়বাড়িয়া পর্যটনকেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রেইলে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে এবং পর্যটকদের সাবধানতা অবলম্বন করে চলার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় বনরক্ষীরা বলছেন, বাঘ শান্ত ছিল এবং বনপ্রহরীদের দেখে ভয় পেয়ে চলে যায়। তবে এতে কোনো হামলার ঘটনা ঘটেনি। পর্যটকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং বনে বাঘের উপস্থিতি সুস্থ পরিবেশেরই প্রমাণ।

বাঘের এভাবে ঘন ঘন দেখা যাওয়া ইঙ্গিত দিচ্ছে, সুন্দরবনের পরিবেশ ও প্রাণিসম্পদ সুরক্ষিত আছে। বন কর্মকর্তারা বলছেন, এটা বাঘ রক্ষায় নেওয়া নানা উদ্যোগের সফলতার প্রতিফলন।

সর্বশেষ

জনপ্রিয়